করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯
পাকিস্তানের করাচিতে মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় রোববার সকালে করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা জড়ো হন।
তারা কনস্যুলেটটিতে ঢুকে পড়ারও চেষ্টা চালান বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিতে প্রকাশিত সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিওতে বিক্ষোভকারীদের একটি দলকে কনস্যুলেট ভবনের জানালা ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।
ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লাঠিপেটার পাশাপাশি কাঁদুনে গ্যাসও ছুড়তে হয়েছে বলে পাকিস্তানভিত্তিক অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠান ইধির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে ডন।
বিক্ষোভকারীদের মৃত্যু কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ প্রথমে ছয়টি মৃতদেহ সিভিল হসপিটাল করাচিতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। পরে পাকিস্তানের ডনের প্রতিবেদনে মৃতের সংখ্যা ৯ জন বলে জানানো হয়।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজার পুলিশের কাছে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
"কাউকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে না," বলেছেন লানজার।
তিনি কূটনৈতিক স্থাপনাসহ সংবেদনশীল সব স্থাপনার নিরাপত্তা জোরদারেও নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।
খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামাবাদ ও লাহোরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
Comments