‘শয়তানের নিঃশ্বাস’ ছড়িয়ে মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
কুমিল্লার দেবিদ্বারে 'শয়তানের নিঃশ্বাস' (স্কোপোলামিন) ছড়িয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বৃহস্পতিবার দুপুর অনুমান ১২ টার সময় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ওই শিশুটিকে অপহরণের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী আকলিমা আক্তার (২৮) দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের সোনা মিয়ার বাড়ির কামাল হোসেনের স্ত্রী। অপহরণ হওয়া শিশুটি ২৭ দিন বয়সী বলে জানিয়েছে পরিবারটি।
আকলিমার ভাই শাহনুর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ২৭ দিন বয়সী শিশুকন্যা আফসা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন আকলিমা। এসময় সেখানে বসে থাকা ২/৩ জন লোক বলেন, 'এখানে ভালো ডাক্তার নেই। ভালো ডাক্তার দেখাতে হলে আমাদের সঙ্গে আসুন।' ওই শিশুসহ মেয়েকে হাসপাতাল থেকে বের করে মহাসড়কে এনে 'শয়তানের নিঃশ্বাস' ছড়িয়ে আকলিমাকে অজ্ঞান করে শিশুটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ওই দিন বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন সাবের বাজার এলাকায় আকলিমাকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল দেন স্থানীয়রা। পুলিশ এসে আকলিমাকে উদ্ধার করে।
পরে সেদিন রাতেই কামাল হোসেন এই ঘটনায় দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযোগ করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অজ্ঞানপার্টি নাকি অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করা গেলেও শিশুটিকে এখনও পাওয়া যায়নি। কামাল ও আকলিমা দম্পতির এটাই প্রথম সন্তান। তবে দুজনেরই দ্বিতীয় সংসার। আগের সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
Comments