ইউক্রেন যুদ্ধে রাশিয়া সব দিক থেকেই ব্যর্থ: ম্যাখোঁ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সব দিক থেকেই ব্যর্থ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এক্সে দেওয়া পোস্টে ম্যাখোঁ বলেন, 'এই যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত—তিন দিক থেকেই ব্যর্থতায় পরিণত হয়েছে।'
তিনি আরো বলেন, 'রাশিয়ানরা তাদের নামে সংঘটিত এই অপরাধের ভয়াবহতা, অজুহাত এবং এর দীর্ঘমেয়াদি বিধ্বংসী প্রভাব একদিন উপলব্ধি করবে। এদিকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) কিয়েভে সরকারি দপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন। তাকে থামাতে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ ছাড়া বিকল্প নেই।
জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ হবে ইউক্রেনের বিজয়ের মাধ্যমে। রাশিয়ার দাবি অনুযায়ী কৌশলগত অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধবিরতি করার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, পুতিন ইতোমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হলো, তিনি কতটা ভূখণ্ড দখল করতে পারবেন এবং তাকে কীভাবে থামানো যাবে… রাশিয়া বিশ্বে ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায়।'
Comments