তারাকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ, আগুন
ময়মনসিংহের তারাকান্দায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপজেলা কার্যালয়ে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীরা। এ সময় কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া এবং দেয়ালের ইট ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকার পরিত্যক্ত ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পোড়া কার্যালয়ে গিয়ে ব্যানার টানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নিষিদ্ধ দলটির কয়েকজন নেতা-কর্মী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ তৈরি হয় বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে। পরে রাতে তারা সেখানে গিয়ে বিক্ষোভ করেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াস, এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব তৌহিদ আহমেদসহ অন্যরা।
আল নূর আয়াস বলেন, আওয়ামী লীগ প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে—এ খবর পেয়ে তারা সেখানে গিয়ে ব্যানার-স্টিকার অপসারণ করেন, টায়ারে আগুন দেন এবং গেটে তালা লাগান। পরে থানায় গিয়ে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এ বিষয়ে তানভীর আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাকান্দা থানা বলেন, টায়ার জ্বালানোয় কিছু সময় আগুন থাকলেও তা নিজে থেকেই নিভে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ফায়ার সার্ভিসের প্রয়োজন পড়েনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Comments