নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী ৭ নারী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাচ্ছে।
বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন— মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা।
ব্যারিস্টার রুমিন ফারহানা 'হাঁস' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। ৩৮ হাজারেরও বেশি ভোট পেয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীবকে পরাজিত করেছেন তিনি। 'খেজুর গাছ' প্রতীক নিয়ে জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
মানিকগঞ্জ-৩ আসনে ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. সাঈদ নূর পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট।
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো 'ধানের শীষ' পোস্টাল ভোটসহ ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত শেখ নেয়ামুল করীম 'দাঁড়িপাল্লা' প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ৭৯ হাজার ৩২১ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন 'গুম' হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর (লুনা)। 'ধানের শীষ' প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। সিলেট জেলার ছয়টি আসনের ৩৩ প্রার্থীর মধ্যে তাহসিনা রুশদীর ছিলেন একমাত্র নারী প্রার্থী।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। শামা ওবায়েদের বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন।
ফরিদপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। জামায়াতের প্রার্থী 'দাঁড়িপাল্লা' প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল এক লাখ দুই হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট।
Comments