নির্বাচন ও গণভোট ঘিরে পুলিশের অশ্বারোহী দলের টহল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়ায় চড়ে বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্রে টহল দিচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছয় সদস্যের একটি ডিএমপি অশ্বারোহী দল ঘোড়ার পিঠে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিকেলে রাজধানীর নিউ সার্কুলার রোডের মালিবাগ মোড় এলাকায় তাদের টহল দিতে দেখা যায়। দলটির সঙ্গে ছিল ছয়টি সুগঠিত ও শক্তিশালী ঘোড়া রয়েছে। ঘোড়াগুলোর পিঠে স্যাডল ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক প্ল্যা-কার্ডে লেখা ছিল-'সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার' এবং 'ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন'।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Comments