ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ঢাকায়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সার্বিক পরিবেশ মূল্যায়নের অংশ হিসেবে তিনি ঢাকা ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) সূত্রে জানা গেছে, প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল, বিচারিক সমাজের প্রতিনিধি, অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা, তরুণ কর্মী এবং সাধারণ ভোটারদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
এসব বৈঠকের মাধ্যমে নির্বাচনের আগে ও চলাকালীন সময়ের রাজনৈতিক পরিবেশ, প্রশাসনিক প্রস্তুতি এবং ভোটারদের অংশগ্রহণের পরিস্থিতি সম্পর্কে ধারণা নেয়া হবে।
নির্বাচনের দিন প্রধান পর্যবেক্ষক ভোটগ্রহণ শুরুর মুহূর্ত থেকে ব্যালট গণনা শেষ হওয়া পর্যন্ত সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে ফলাফল সারণীকরণ বা ট্যাবুলেশন প্রক্রিয়াও অনুসরণ করবেন তিনি। এ ছাড়া নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটকেন্দ্রগুলোর পরিবেশও পর্যবেক্ষণের আওতায় থাকবে।
ইইউ ইওএম জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও সিদ্ধান্তসমূহ তুলে ধরা হবে। ওই সংবাদ সম্মেলনে নির্বাচনের দিন পাওয়া তথ্য, পর্যবেক্ষকদের অভিজ্ঞতা এবং প্রাথমিক মূল্যায়নের আলোকে ইইউ ইওএম-এর প্রাথমিক বিবৃতি প্রকাশ করা হবে।
নির্বাচনের পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ পর্যবেক্ষণের অংশ হিসেবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন নির্বাচন শেষ হওয়ার পরও আরও কয়েকদিন সারা দেশে অবস্থান করবে বলে জানানো হয়েছে। এই সময়ে তারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, ফলাফল ঘোষণার পরের প্রতিক্রিয়া এবং সার্বিক পরিবেশ মূল্যায়ন করবে।
Comments