ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-আম্মারসহ আহত শতাধিক
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়। পোস্টে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোন জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে আসব।
জানা যায়, জুমার নামাজের পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এখনও সংঘর্ষ
চলছে। সাউন্ড গ্রেনেডের শব্দ আসছে।
সংগঠনটি নিশ্চিত করেছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।
Comments