প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ১০ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ জন্য তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।
এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। আর স্বাস্থ্যের দায়িত্ব পান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেন। এখন পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী।
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি ২০ ডিসেম্বর শাহবাগে সমাবেশ থেকে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। এই সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাদের পদত্যাগ দাবি করে ইনকিলাব মঞ্চ।
এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মানুষের মধ্যে নানা কথা হচ্ছে। এই পরিস্থিতিতে রাতে পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, তাৎক্ষণিকভাবে তা সুনির্দিষ্ট করে জানা যায়নি।
Comments