আনার হত্যাকাণ্ডের এক বছর: ডিএনএ রিপোর্টে আটকে আছে তদন্ত
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যার এক বছর পূর্ণ হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে দুটি মামলা হয়।
ভারতের মামলাটির তদন্ত প্রতিবেদন ৩ মাসের মধ্যে জমা দিলেও বাংলাদেশের মামলার তদন্ত এক বছরেও শেষ হয়নি। এই সময়ে মামলার তদন্ত প্রতিবেদনের জমার তারিখ পিছিয়েছে দশ বার।
গোয়েন্দা পুলিশ - ডিবি থেকে এ মাসের ১৫ মে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ - সিআইডি। তবে মামলার সদ্যবিদায়ী তদন্ত কর্মকর্তা বলছেন,আনারের ডিএনএ রিপোর্ট পেলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যাবে।
গত বছরের ১২ মে গেদে সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেছিলেন আনোয়ারুল ইসলাম। ১৩ তারিখ নিখোঁজ হন তিনি। ২২ মে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্স নামের একটি বহুতল ভবনে আনারের খুন হওয়ার কথা জানায় ভারতের সিআইডি। খুন হওয়ার দাবি করা হলেও আনারের দেহ পায়নি তদন্তকারীরা। যদিও ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে সন্দেহজনক মাংসখণ্ড উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
এ ঘটনায় গত বছর ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
এ পর্যন্ত মামলায় ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্য ছয়জন দায় স্বীকার করে জবানবন্দি দেন। গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আগামী ২৭ মে দিন ধার্য করেন।
Comments