বিয়ে মামলা: খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা দম্পতি
অবশেষে অবসান হলো ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বহুল আলোচিত বিয়ে-সংক্রান্ত আইনি লড়াইয়ের। বৈবাহিক তথ্য গোপনের অভিযোগে করা মামলায় আদালত এই দম্পতিকে সম্পূর্ণ খালাস দিয়েছেন।
আজ বুধবার (১০ জুন) বেলা ১২টায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এই সিদ্ধান্ত নেন।
মামলার পুরো ঘটনা ও আইনি প্রক্রিয়ার টাইমলাইন নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি রাকিব হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল তামিমা সুলতানার। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্রিকেটার নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। তার অভিযোগ ছিল, আগের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ না করেই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। তবে শুরু থেকেই এই দম্পতি দাবি করে আসছিলেন যে, আইন মেনেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
মামলাটি দায়ের হওয়ার পর থেকে আজকের চূড়ান্ত রায় পর্যন্ত আইনি প্রক্রিয়াটি যেভাবে এগিয়েছে:
সেপ্টেম্বর ২০২১: মামলার তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন। এতে নাসির, তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে অভিযুক্ত করা হয়।,ফেব্রুয়ারি ২০২২: আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। মার্চ ২০২৩: আসামিপক্ষের রিভিশন আবেদন খারিজ হওয়ার পর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। এপ্রিল ২০২৫: দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়। মার্চ-মে ২০২৬: চলতি বছরের মার্চে আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি হয় এবং তামিমা নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন।
আজকের শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান আসামিদের শাস্তির দাবি জানালেও, নাসিরের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে তাদের খালাস প্রার্থনা করেন।
উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে আদালত রায় দেন যে, নাসির ও তামিমার বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ বা বাদীপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আদালত এই তারকা দম্পতিকে মামলা থেকে সসম্মানে খালাস প্রদান করেন।
Comments