রাইজিং স্টারসে দুর্দান্ত বাংলাদেশ
থাইল্যান্ডে মেয়েদের চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা 'এ' দলকে ৪ রানে হারায় বাংলাদেশ। মাঝে এক দিন বিরতির পর স্বাগতিক থাইল্যান্ড জাতীয় দলকেও হারায় ফাহিমা খাতুনের দল। ১ বল হাতে রেখে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় ছিল সেটি। এরপর আজ মালয়েশিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন ফাহিমা ও লতা মণ্ডলরা।ব্যাংককে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ 'এ' দল। তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৬১ রানে থামে মালয়েশিয়ার জাতীয় দলের ইনিংস। ৯০ রানের দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ 'এ' দল।
সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। আজকের জয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো তাদের। চার দলের গ্রুপে তিন ম্যাচের সব কটি জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককে আগামী শুক্রবার সেমিফাইনালে পাকিস্তান 'এ' দলের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন সেমিফাইনালের অপর ম্যাচে ভারত 'এ' দলের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। শ্রীলঙ্কা 'এ' দল ও থাইল্যান্ডের মধ্যে ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ভারত 'এ' দলের মুখোমুখি হবে।
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন লতা মণ্ডল ,বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৪৮ করেন পাঁচে নামা লতা মণ্ডল। শারমীন সুলতানা করেন ৩০ এবং ফাহিমার ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। লতা ও ফাহিমা মিলে পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়েন। শেষ ৫ ওভারে ৫৪ রান তোলে বাংলাদেশ।
মালয়েশিয়ার মেয়েরা এই স্কোর টপকে যেতে পারবে না, সেটা অনেকেই ধারণা করে নিয়েছিলেন। ঘটেছেও ঠিক তাই। ব্যাটিংটা মোটেও ভালো হয়নি তাদের। ১২.১ ওভারে তাদের স্কোর ছিল ৭ উইকেটে ৩০। একজন ব্যাটার বাদে আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি। আটে নামা নুর আরিয়ানা নাতসিয়া ২৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।
১০ রানে ৩ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার ফাতেমা জাহান। স্বীকৃত ক্রিকেটে এটা ছিল তাঁর অভিষেক ম্যাচ। অফ স্পিনার শরীফা খাতুন নেন ১৩ রানে ২ উইকেট। ২ ওভারে ২ রানে ১ উইকেট নেওয়া লতা ব্যাটেও রান পাওয়ায় ম্যাচসেরা হন।
বাংলাদেশ 'এ' দল: ২০ ওভারে ১৫১/৭ (লতা ৪৮, শারমীন ৩০, ফাহিমা ২৯; নূল ২/৩০, আরিয়ানা ১/১৭, হামিজা ১/৩৬)।
মালয়েশিয়া: ২০ ওভারে ৬১/৯ (আরিয়ানা ২২*, মাহিরা ৬, এলিসা ৫; ফাতেমা ৩/১০, শরীফা ২/১৩, ফারজানা ১/১৪)।
ফল: বাংলাদেশ 'এ' দল ৯০ রানে জয়ী।
ম্যাচসেরা: লতা মণ্ডল।
Comments