মেয়েদের লিগে চ্যাম্পিয়ন রাজশাহী
নারী ফুটবল লিগের শেষ রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল ও রাজশাহী স্টারস–এর ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে রূপ নেয়। শিরোপা জিততে রাজশাহীর প্রয়োজন ছিল এক পয়েন্ট, আর দৌড়ে টিকে থাকতে সেনাবাহিনীকে জিততেই হতো। তবে কমলাপুর স্টেডিয়ামে ৩-০ গোলের জয়ে নবাগত রাজশাহী নিশ্চিত করে শিরোপা।
প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও মাঝমাঠে কিছুটা প্রাধান্য ছিল সেনাবাহিনীর। রাজশাহীর একাধিক আক্রমণ প্রতিপক্ষের রক্ষণভাগে থেমে যায়। টুর্নামেন্টজুড়ে দারুণ ফর্মে থাকা আলপি আক্তারও প্রথমার্ধে কার্যত আটকে ছিলেন। ম্যাচের ১৫ মিনিটে ফ্রি কিক পেলেও ঋতুপর্ণা চাকমার শট প্রতিরোধ করে সেনাবাহিনীর ডিফেন্স। এর দুই মিনিট পর গোলকিপার রুপনা চাকমাকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তনিমা বিশ্বাস। বিরতির আগে শিউলি আজিম ফাঁকা পোস্ট থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পরপরই ডান প্রান্ত দিয়ে সৌরভী আকন্দের আক্রমণ থেকে আলপি আক্তার গোল করে রাজশাহীকে এগিয়ে দেন। ৫৯ মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে সরাসরি শটে ব্যবধান বাড়ান শাহেদা আক্তার। শেষদিকে ৮৮ মিনিটে ফাঁকা রক্ষণ পেয়ে কোনাকুনি শটে তৃতীয় গোল করেন ঋতুপর্ণা চাকমা।
দেড় বছর বিরতির পর আয়োজিত এবারের লিগে মাঠ ও সূচি নিয়ে বিতর্ক থাকলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল জমজমাট। ১১ দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী ছাড়াও সেনাবাহিনী ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব নজর কাড়ে।
প্রথমবার অংশ নিয়েই ১০ ম্যাচে পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে রাজশাহী। সেনাবাহিনী শেষ করেছে ২৪ পয়েন্ট নিয়ে। গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি মাত্র একটি ম্যাচে জয় পায়, আর তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার লিগে অংশ নেয়নি।
Comments