পিতার লালসার শিকার কিশোরী কন্যা, ৪ মাসের অন্তঃসত্ত্বা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক পাষণ্ড পিতার বিরুদ্ধে নিজের ১৫ বছর বয়সী কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের এই পৈশাচিক নির্যাতনের ফলে ওই স্কুলছাত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বসতবাড়ি তালাবদ্ধ করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৩৭ বছর বয়সী এক ব্যক্তি তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল। সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তনের বিষয়টি মায়ের নজরে আসে। সন্দেহ হওয়ায় মা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই কিশোরী প্রায় চার মাসের গর্ভবতী বলে নিশ্চিত করেন।
হাসপাতাল থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত পিতা ও কিশোরীর মায়ের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। তবে আইনি ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে কিশোরীকে গর্ভপাত করানোর উদ্দেশ্যে গত সাত দিন আগে পাশের উপজেলায় তার নানাবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু বিষয়টি গোপন থাকেনি, মুহূর্তের মধ্যে এলাকায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ঘটনার সত্যতা পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ভুক্তভোগী পরিবারকে আইনি ব্যবস্থা নিতে চাপ দেন। তবে পুরো পরিবার গা-ঢাকা দিলে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে এলাকায় অভিযুক্ত পিতার কঠোর শাস্তির দাবিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান,"স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। বাড়িটি তালাবদ্ধ পাওয়ায় কিশোরীর নানাবাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সেখানে পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।"
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি এবং পলাতক আসামিকে খুঁজে বের করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।
Comments