বিশ্বকাপ থেকে ঝরে পড়লেন হাসারাঙ্গা
হ্যামস্ট্রিং চোটে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে দলের প্রথম ম্যাচে বোলিং করতে গিয়ে বাঁ পায়ে চোট পান তিনি। ওই ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাসারাঙ্গা। ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ২০ রানে হেরে যায়। চোট নিয়েই সেদিন নিজের স্পেল শেষ করেছিলেন তিনি।
পরদিন করা এমআরআই রিপোর্টে হাসারাঙ্গার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। রিপোর্ট দেখে লন্ডনের এক বিশেষজ্ঞ চিকিৎসক তাকে টুর্নামেন্ট থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তাকে আর পাচ্ছে না শ্রীলঙ্কা।
হাসারাঙ্গার বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পেতে পারেন আরেক লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্ত।
Comments