বিশ্বকাপে ভারত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা, পিসিবিকে চিঠি শ্রীলঙ্কা বোর্ডের
টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আসন্ন বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের।
বাংলাদেশের প্রতি সংহতি এবং নিরাপত্তা উদ্বেগের বিষয় তুলে ধরে গ্রুপ 'এ'-তে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। একই প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ খেলে না; তারা কেবল আইসিসি বা আঞ্চলিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।
এসএলসি তাদের বার্তায় জানায়, পাকিস্তান যদি ম্যাচটি বর্জন করে, তবে শ্রীলঙ্কার বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। পাশাপাশি ২০২২ সালের অর্থনৈতিক সংকটের ধাক্কা সামলে ওঠা দেশের পর্যটনশিল্পও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বোর্ডটি সতর্ক করে বলেছে, এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে—বিশেষ করে প্রত্যাশিত রাজস্ব ও পর্যটন আয়ের ক্ষেত্রে।
শ্রীলঙ্কা ক্রিকেট আরও স্মরণ করিয়ে দেয়, একসময় নিরাপত্তা উদ্বেগে অনেক দেশ পাকিস্তান সফর এড়িয়ে গেলেও আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে সংহতির অংশ হিসেবে শ্রীলঙ্কাই পাকিস্তান সফর করেছিল। সেই পুরোনো সম্পর্ক ও ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে তারা।
এদিকে পাকিস্তান দল বর্তমানে শ্রীলঙ্কাতেই অবস্থান করছে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে ভারত ঘরের মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে, আর পাকিস্তান কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
তবে গ্রুপ পর্বে ম্যাচ বর্জন করলেও নকআউট পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে ক্ষেত্রে কী করা হবে—এ প্রশ্নে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হলে সরকারে সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments