বাংলাদেশ ইস্যুতে ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, "ধন্যবাদ পাকিস্তান।"
আসিফ নজরুলের এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাম্প্রতিক এক বক্তব্য। বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরিফ ঘোষণা দেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করবে।
বৈঠকে তিনি বলেন, "আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।" একইসঙ্গে তিনি যোগ করেন, "আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।"
প্রসঙ্গত, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায়। এরপর আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তান তাদের অবস্থান প্রকাশ করেছে।
Comments