জাহানারা আলমের অভিযোগের দুটির প্রাথমিক সত্যতা, তদন্ত রিপোর্ট গ্রহণ বিসিবির
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা চারটি অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক সত্যতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। অভিযোগগুলো ছিল নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে খারাপ আচরণ ও যৌন হয়রানির।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিমের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তিন দফা সময় বাড়িয়ে গত ২ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আনুষ্ঠানিকভাবে রিপোর্ট গ্রহণ করেন।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, অনুসন্ধান দল তথ্য-উপাত্ত সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে জাহানারা আলমের সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছেন মঞ্জুরুল ইসলাম। কমিটি চারটি সুনির্দিষ্ট অভিযোগ যাচাই করে। এর মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অনুপযুক্ত আচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
বিসিবি আরও জানায়, তদন্ত কমিটি এমন কিছু আচরণ পর্যবেক্ষণ করেছে, যা পেশাদার মানের সঙ্গে অসংগতিপূর্ণ এবং সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী কিছু কর্মকাণ্ড হয়রানির সংজ্ঞার আওতায় পড়ে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিসিবির আইনি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ২০২৫ সালের ৩০ জুন মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পাশাপাশি ২০০৯ সালের হাইকোর্টের রায়ের নির্দেশনা অনুসারে অভিযোগ ও সুরক্ষা কমিটি গঠন করেছে বিসিবি। নারী শাখার চেয়ারম্যান রুবাবা দৌলাকে ওই কমিটির প্রধান করা হয়েছে। দেশের ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
Comments