বিসিসিআই সহসভাপতি যা বলেছেন পাকিস্তানের ভারত–ম্যাচ বয়কট প্রসঙ্গে
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার পাকিস্তানের সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে তীব্র আলোচনা শুরু হয়েছে। বিষয়টিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবস্থানের সঙ্গে একাত্মতা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা স্পষ্ট করেছেন, আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শেষ না হওয়া পর্যন্ত বোর্ড এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া বক্তব্যে রাজীব শুক্লা বলেন, আইসিসি খেলোয়াড়সুলভ মনোভাবের ওপর জোর দিয়ে যে বিবৃতি দিয়েছে, বিসিসিআই তার সঙ্গে পুরোপুরি একমত।
এর আগে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারির গ্রুপ পর্বের সেই ম্যাচ তারা খেলবে না। যদিও বাকি ম্যাচগুলো খেলবে পাকিস্তান দল। এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, কোনো দল যদি টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচ খেলে, তবে তা প্রতিযোগিতার মূল চেতনা ও মর্যাদার পরিপন্থী। সংস্থাটি জানায়, তারা পাকিস্তান সরকারের ঘোষণার বিষয়টি জেনেছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছে।
আইসিসি আরও মনে করিয়ে দিয়েছে, বৈশ্বিক টুর্নামেন্ট খেলাধুলার সততা ও প্রতিযোগিতামূলক মানসিকতার ওপর দাঁড়িয়ে থাকে। নির্দিষ্ট ম্যাচে না খেলা সেই নীতির সঙ্গে সাংঘর্ষিক। একই সঙ্গে এই পরিস্থিতিকে বিশ্বজুড়ে ক্রিকেটভক্তদের জন্য হতাশাজনক উল্লেখ করে পিসিবিকে সম্মানজনক সমাধানের পথ খুঁজতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
Comments