বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হবে আজ
পাকিস্তান ক্রিকেট দল আসন্ন বিশ্বকাপে অংশ নেবে কি না—এই প্রশ্নের জবাব মিলতে পারে আজই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পরিস্থিতি যেদিকেই গড়াক, তারা প্রস্তুত রয়েছে। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ সম্ভব না হলে বিকল্প পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। মূলত এই বৈঠকেই নির্ধারিত হবে, পাকিস্তান দল বিশ্বকাপে খেলবে কি না।
সূত্রগুলো বলছে, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে দ্রুতই পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হবে। তবে সিদ্ধান্ত বিপরীত হলে সঙ্গে সঙ্গে কার্যকর হবে পিসিবির 'প্ল্যান বি'।
এই বিকল্প পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তান জাতীয় দল, পাকিস্তান শাহিনস এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে মোট চারটি দল গঠন করা হবে। পরে লাহোরে এই চার দলকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হবে খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও প্রস্তুতি ধরে রাখা।
Comments