দলীয় পরিচয়ে চাঁদাবাজি-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান: অভিযোগ জানাতে অনলাইন ফর্ম চালু এমপি আবুল খায়ের ভূঁইয়া
দলীয় বা ব্যক্তিগত পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য বা যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন লক্ষ্মীপুর–২ আসনের নির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। এ ধরনের অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে তিনি একটি অনলাইন অভিযোগ ফর্ম চালু করেছেন। এমপি জানান, কেউ যদি তার নাম, দলীয় পরিচয় বা ব্যক্তিগত প্রভাব ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকে কিংবা এ সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্টরা নির্দিষ্ট লিংকে গিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন। তিনি আশ্বাস দিয়েছেন, প্রাপ্ত প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, "আমাদের নাম বা পরিচয় ব্যবহার করে কেউ যদি অন্যায় করে থাকে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।" ইতোমধ্যে চালু হওয়া এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোট ১৮টি অভিযোগ ও বার্তা পাওয়া গেছে বলে জানান এমপি। প্রাপ্ত অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, তথ্য-প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজন হলে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমেও বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনলাইন ফর্মটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো—অভিযোগকারী চাইলে তার ব্যক্তিগত পরিচয় গোপন রাখতে পারবেন। এতে করে ভুক্তভোগী বা সচেতন নাগরিকরা নির্ভয়ে তথ্য দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি অভিযোগের সমর্থনে ছবি, ডকুমেন্ট বা অন্যান্য প্রাসঙ্গিক ফাইল সংযুক্ত করার সুবিধাও রাখা হয়েছে, যা অভিযোগ যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করবে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জনপ্রতিনিধির পক্ষ থেকে এমন উদ্যোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে দলীয় পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রতিরোধে এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম কার্যকর হতে পারে। অভিযোগ বা মতামত জানাতে ভিজিট করুন: https://abulkhairbhuiyan.com/write-to-your-mp/
আপনার এমপি'কে লিখুন - আবুল খায়ের ভূঁইয়া
Comments