আজ বিশ্ব বিড়াল দিবস, মিউ মিউ ভালোবাসায় কাটুক দিন
বিড়াল শুধু একটি পোষ্য প্রাণী নয়, অনেক মানুষের একাকীত্বের সঙ্গীও বটে। আবার কারো কারো কাছে বাড়ির দুষ্ট সদস্য হিসেবেও দেখা হয় তাদের। কখনো কোলে এসে মাথা রেখে ঘুমিয়ে পড়া, কখনোবা হাতের চুড়ি বা ঘড়ি নিয়ে খেলা করা। আবার ক্ষুধা পেলে পায়ের কাছে ঘুর ঘুর করে জানান দেয়া, দুষ্টুমিতে মেতে সারা বাড়ি ওলট-পালট করা। বিড়ালের এসব ছোট ছোট দুষ্টুমিতেই মিশে থাকে আবেগ আর ভালোবাসা। তাই বিড়ালের প্রতি এই আবেগ আর ভালোবাসা উদযাপন করতেই আজকের এই দিন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ব বিড়াল দিবস।
প্রতি বছরের আজকের এই দিনেই উদযাপিত হয় বিশ্ব বিড়াল দিবস বা ক্যাট ডে, আজও তার ব্যতিক্রম কিছু নয়। এই দিনটি উদযাপন করার মূল উদ্দেশ্য হলো বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়ানো এবং তাদের প্রতি নির্যাতন বন্ধের সচেতনতা তৈরী করা।
বিড়াল শুধু মানুষের পোষ্য নয়, অনেকের কাছে পরিবারের একজন সদস্য। সারাদিনের ব্যস্ততা শেষ করে প্রিয় বিড়ালটির সঙ্গে কিছুটা সময় কাটানো, তার সঙ্গে খেলা করা কিংবা নীরবে পাশে বসে থাকা মনকে অনেকটাই শান্তি দিতে পারে। বিড়ালের স্বাধীনচেতা স্বভাব, কৌতূহলী চোখ আর মিষ্টি ডাক সহজেই মানুষের মন জয় করে নেয়।
তবে বিড়ালকে ভালোবাসা মানে শুধু তাকে আদর করা নয়, পাশাপাশি যত্ন নেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ। তাকে নিমিত খাবার দেওয়া , বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা, তার থাকার জায়গা পরিষ্কার রাখা, প্রয়োজনীয় টিকা দেওয়া এবং অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিশ্চিত করা দায়িত্বশীল প্রাণীপ্রেমীর কর্তব্য। পাশাপাশি রাস্তার অসহায় বিড়ালের প্রতিও সহমর্মিতা থাকা উচিত।
আজকের এই দিনে আমাদের সকলকে মনে করায়, প্রাণীদের ভালোবাসার জন্য কোন বিশেষ দিনের প্রয়োজন নেই, ছোট্ট ছোট্ট এই প্রাণীগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, অসহায় প্রাণীদের আঘাত না করা এবং ক্ষুধার্ত প্রাণীদের একটু খাবার দেওয়ার মধ্যে প্রকাশ পায় সত্যিকারের ভালোবাসা ও মানবিকতা।
তাই আজকের এই বিশেষ দিনে আপনার প্রিয় বিড়ালটি বেশি বেশি ভালবাসুন এবং রাস্তার অসহায় বিড়ালগুলোর প্রতি বাড়িয়ে দিন সাহায্যের হাত। কারণ , ভালোবাসা প্রকাশ করতে সবসময় শব্দের প্রয়োজন নেই, কখনো তা প্রকাশ পায় একজোড়া মায়াবী চোখের চাহনিতে, কখনও শোনা যায় ছোট্ট একটি 'মিউ' ডাকের মধ্যে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাণীকল্যাণ সংস্থা অ্যালি ক্যাট অ্যালাইস। এই সংস্থার সঙ্গে বিশ্ব বিড়াল দিবসের ইতিহাস জড়িয়ে আছে। ২০০১ সালে সংস্থাটি ১৬ অক্টোবর ন্যাশনাল ফেরাল ক্যাট ডে চালু করে। । ২০১৭ সালের ১৬ অক্টোবর প্রথমবারের মতো গ্লোবাল ক্যাট ডে উদযাপন করে অ্যালি ক্যাট অ্যালাইস।
Comments