আজ রোজ ডে, প্রিয়জনকে গোলাপ দিচ্ছেন তো?
প্রিয়জনকে শুভেচ্ছা জানান কিংবা ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম গোলাপ ফুল। প্রাচীনকাল থেকেই গোলাপ মানুষের প্রিয় একটি ফুল। আজ চাইলে আপনি আপনার প্রিয় মানুষটিকে গোলাপ উপহার দিতে পারেন। কিন্তু আজ গোলাপ নিয়ে এত আলোচনা কেন? কারণ আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। এদিন থেকেই শুরু হয়ে যায় প্রেমের সপ্তাহ। শেষ হয় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এর আগে একেকদিন একেক দিবস। ৭ তারিখ যেমন রোজ ডে।
এরপর ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে। ৯ ফেব্রুয়ারি চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি টেডি ডে। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি হাগ ডে। ১৩ ফেব্রুয়ারি কিস ডে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। মানে ফেব্রুয়ারি মাসটাই যেন ভালোবাসার মাস।
অভিমান ভাঙাতে কিংবা ভালোবাসার কথা জানাতে প্রিয়জনকে আজ গোলাপ দিতেই পারেন। দেখবেন আপনার না বলা সব কথাই বলে দেবে এই গোলাপ। যুগ যুগ ধরেই এই গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করে আছে। গোলাপের সঙ্গে জড়িয়ে আছে প্রেম, অনুভূতি আর মুগ্ধতার প্রকাশ। তাই ভালোবাসার অনুভূতি জানাতে প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিতে পারেন। এই ফুল মানুষকে ভালোবাসার অনুভূতির কাছাকাছি নিয়ে যায় এবং সম্পর্কের উষ্ণতা বাড়াতে সাহায্য করে।
প্রচলিত আছে, ভিক্টোরিয়ান যুগে মানুষ প্রিয়জনকে মনের কথা জানানোর জন্য গোলাপ আদান-প্রদান শুরু করেছিলেন। তবে যেভাবে এ প্রথা শুরু হোক না কেন, গোলাপ দিবসে আপনি প্রিয় মানুষকে লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা, ল্যাভেন্ডার বা নীল—যে কোনো রঙের গোলাপ উপহার দিতে পারেন। মনে রাখতে হবে, প্রতিটি রঙের গোলাপ আলাদা অনুভূতির প্রতীক।
গোলাপ দিবস ঠিক কীভাবে শুরু হয়েছিল, সে বিষয়ে খুব বেশি তথ্য জানা যায় না। তবে কেন এই দিনটি উদযাপন করা হয়, তা পরিষ্কার। কারণ, গোলাপ দিবস দিয়েই ভ্যালেন্টাইনস সপ্তাহের সূচনা হয়।
আজ প্রিয়জনকে গোলাপ দিচ্ছেন তো? কাউকে গোলাপ উপহার দেয়ার আগে জেনে নিন ভিন্ন ভিন্ন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে-
লাল গোলাপ: গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ।
গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।
ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছেন।
কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকরী। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন।
হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনও বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।
সাদা গোলাপ: সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন।
পিচ গোলাপ: রোজ ডে-তে দেয়ার জন্য দারুণ হতে পারে পিচ রঙের গোলাপটি। কারণ এই রঙের গোলাপের অর্থ, আপনি তার প্রেমে পড়েছেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে রেখেও যদি এই রঙের গোলাপ কাউকে উপহার দেন তাহলে আপনার না বলা কথা পছন্দের মানুষটিকে নিমিষেই বুঝিয়ে দেবে পিচ রঙের গোলাপটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Comments