প্রতিদিন আলু খাওয়া শরীরের জন্য কতটা নিরাপদ?
বাঙালির দৈনন্দিন খাবারে আলু প্রায় অপরিহার্য। ঝোল হোক বা ভাজি, নিরামিষ–আমিষ সব রান্নাতেই আলুর ব্যবহার চোখে পড়ে। তবে প্রশ্ন হলো—প্রতিদিন আলু খাওয়া শরীরের জন্য কতটা নিরাপদ?
পুষ্টিবিদদের মতে, আলু সম্পূর্ণভাবে বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং পরিমাণ ও রান্নার ধরন ঠিক থাকলে এটি স্বাস্থ্যকর খাবারের অংশ হতে পারে। সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে মাঝারি আকারের এক থেকে দুইটি আলু খেতে পারেন, যার ওজন প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম। তবে অতিরিক্ত তেল ও মসলায় ভাজা আলু এড়িয়ে চলাই ভালো।
আলুতে থাকা শর্করা শরীরে দ্রুত শক্তি জোগায়। যারা শারীরিক পরিশ্রমের কাজ করেন, তাদের জন্য এটি ভালো এনার্জির উৎস। পাশাপাশি আলুর ফাইবার হজমে সহায়তা করে এবং নিয়মিত পরিমিত খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমতে পারে।
এই সবজিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে এবং হৃদ্স্বাস্থ্যের জন্যও উপকারী। এছাড়া ভিটামিন সি ও ভিটামিন বি৬ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ত্বকের যত্নেও আলুর অবদান রয়েছে।
তবে আলুর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলকভাবে বেশি হওয়ায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সতর্কতা জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এ ধরনের রোগীদের অল্প পরিমাণে এবং অন্যান্য সবজির সঙ্গে মিলিয়ে আলু খাওয়া উচিত।
ওজন কমাতে চাইলে আলু খাওয়ার ধরন গুরুত্বপূর্ণ। সিদ্ধ বা কম তেলে রান্না করা আলু সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই, চিপস বা অতিরিক্ত তেলে ভাজা আলু নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে, আলু ক্ষতিকর নয়—শর্ত শুধু একটাই, পরিমিত পরিমাণ ও স্বাস্থ্যসম্মত রান্না।
Comments