এটাই বোধহয় নাড়ির টান
আজ হঠাৎ করেই এক অদ্ভুত, অথচ খুব সাধারণ অনুভূতি প্রকাশ করতে ইচ্ছে হলো।
আমি এমনিতেই অনুভূতি প্রকাশে খুব একটা পারদর্শী নই। অনেক কিছু অনুভব করি, কিন্তু সেগুলো ঠিক ভাষায় প্রকাশ করতে পারি না।
তবুও আজ একটু বলি।
দুপুরে দোকান থেকে বের হয়ে ইখলাসকে (আমার ছেলে) স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে একটা গাছ চোখে পড়ল। প্রতিদিনই গাছটা দেখি। কেন জানি আজ গাছটাকে দেখে মনে হলো, অবিকল বাংলাদেশের একটা বড়ই গাছের মতো!
মুহূর্তেই মনে পড়ে গেল, কতদিন বড়ই গাছ দেখি না! কতদিন কাঁচা-পাকা, টক-মিষ্টি বড়ই খাই না! কতদিন সেই চেনা স্বাদ, চেনা দৃশ্যের সঙ্গে দেখা হয় না আমার।
যদিও এসব নিয়ে আমার তেমন কোনো আফসোস নেই। বিদেশের জীবনে অনেক কিছুই বদলে যায়। অনেক অভ্যাস, অনেক পরিচিত দৃশ্য, অনেক প্রিয় স্বাদ ধীরে ধীরে জীবন থেকে হারিয়ে যায়। আমরা সেসব ছাড়াই দিব্যি বেঁচে থাকতে শিখে যাই।
কিন্তু আজ গাছটাকে দেখে বুকের কোথাও যেন একটা ধাক্কা লাগল। কয়েক মুহূর্তের জন্য মনটা থমকে চলে গেলো বাংলাদেশে।
নিজেকেই প্রশ্ন করলাম, এত সামান্য একটা দৃশ্য কেন হঠাৎ এতটা ছুঁয়ে গেল?
উত্তরটাও নিজের ভেতর থেকেই পেলাম।
এটাই বোধহয় নাড়ির টান।
Comments