দুর্গাপুরে জমি বিরোধে শাশুড়ি খুন, জামাইসহ আটক ৩
নেত্রকোনার দুর্গাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাহারা খাতুন নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার ঘরজামাই রফিকুল ইসলামের বিরুদ্ধে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম একই উপজেলার পাটলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, জমিজমা নিয়ে শাশুড়ি ও জামাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে সাহারা খাতুনকে রফিকুল আঘাত করেন বলে অভিযোগ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা রফিকুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছি। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আসামিদের আটক করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল ইসলাম, তার বর্তমান স্ত্রী ও তার মাকে আটক করা হয়েছে। এজাহার পাওয়ার পর মামলা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments