সিলেটে ট্যাংকলরির সঙ্গে সিএনজির সংঘর্ষে বাবা,মা ও মেয়েসহ নিহত ৪
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৩২), তাঁর স্ত্রী হজুফা (২৮), মেয়ে আয়েশা (৪) এবং সিএনজিচালক শেরপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া। নিয়ামত পরিবার নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকায় বসবাস করতেন।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশাটি শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশায় থাকা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
Comments