কিশোর গ্যাং এর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবেনা: এম নাসের রহমান
মৌলভীবাজারে কিশোর গ্যাং এর নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মৌলভীবাজারকে যেকোনো মূল্যে অপরাধ ও সন্ত্রাসমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
মৌলভীবাজারে কিশোর গ্যাং এর বর্বরোচিত হামলায় গুরুতর আহত মাদ্রাসা ছাত্র হাসানকে দেখতে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে স্পষ্ট ভাষায় এ হুঁশিয়ারি দেন তিনি ।
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসানের শয্যাপাশে কিছু সময় কাটান, চিকিৎসকদের থেকে শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন হাসানকে দেখার পর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এম নাসের রহমান বলেন, "মৌলভীবাজারে শান্তিকামী মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কিশোর গ্যাং কালচার বরদাশত করা হবে না। মৌলভীবাজারের অভিভাবক হিসেবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার মূল দায়িত্ব।"
তিনি অবিলম্বে মৌলভীবাজারের জেলা পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে (ওসি) কড়া নির্দেশনা দেন। তিনি বলেন, "অবিলম্বে মৌলভীবাজারজুড়ে অভিযান চালিয়ে কিশোর গ্যাং নামক সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে হবে। কোনো অপরাধী যেন পার না পায় এবং মাদ্রাসা ছাত্র হাসানের ওপর বর্বর হামলায় জড়িত মূল আসামিদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"
হাসপাতালে অবস্থানকালে হাসানের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, কোনো অপরাধ না থাকা সত্ত্বেও কিশোর গ্যাং এর বেপরোয়া সন্ত্রাসীরা তার ওপর এই নির্মম হামলা চালিয়েছে। পরিবারের সদস্যরা সংসদ সদস্যের সরাসরি উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমরা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে মৌলভীবাজারে আর কোনো সন্তানের ভবিষ্যৎ এভাবে অনিশ্চিত না হয়।"
এম নাসের রহমানের এই শক্ত অবস্থান এবং জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া জিরো টলারেন্স নির্দেশের পর পুরো জেলাজুড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের তৎপরতায় দ্রুতই আসামিরা গ্রেপ্তার হবে এবং মৌলভীবাজার কিশোর গ্যাং এর আতঙ্ক থেকে সাধারণ মানুষ মুক্ত হবে।
Comments