চাঁদপুরে কোস্ট গার্ডের বড় সাফল্য, ৫ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
ইলিশ ও নদীমাতৃক জেলা চাঁদপুরে বিপুল পরিমাণ অবৈধ জাল বিরোধী অভিযান চালিয়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলা সদর থানাধীন পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ২৮ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, ৩০ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের একটি বিশেষ দল পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার একটি সন্দেহভাজন গোডাউনে তল্লাশি চালানো হয়।
তল্লাশি শেষে গোডাউনটি থেকে জব্দ করা হয়, ১০০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। ১৫ লক্ষ মিটার ক্ষতিকর কারেন্ট জাল। জব্দ করা এই বিশাল পরিমাণ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার টাকা।
জাল জব্দের পর চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দ্রুত একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়। অবৈধ জাল মজুত ও সংরক্ষণের দায়ে গোডাউনের মালিককে নগদ অর্থ জরিমানা করা হয় এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা ক্ষতিকর চায়না দুয়ারি ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী এই সব অবৈধ জালের ব্যবহার বন্ধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। জাটকা ও মা মাছ রক্ষাসহ নদী ও সমুদ্রের মৎস্যসম্পদ সুরক্ষায় কোস্ট গার্ডের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
Comments