নেত্রকোণায় জালে ধরা পড়ল ১০ ফুট লম্বা অজগর, পরে বনে অবমুক্ত
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার আগাড়পাড়া গ্রামে মাছ ধরার জালে ধরা পড়ে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ। পরে বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আগাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গারো পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে অজগরটি।
গ্রামের বাসিন্দা শামসুল মিয়া বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার জন্য জাল ফেললে হঠাৎ একটি বড় আকারের সাপ জালে আটকা পড়ে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বন্যপ্রাণীপ্রেমী আমিন খানকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিয়ন্ত্রণে নেন এবং বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে দুর্গাপুর রেঞ্জের বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে স্থানীয় নলুয়াপাড়া বনে অবমুক্ত করা হয়।
দুর্গাপুর রেঞ্জের সদর বিটের ফরেস্ট গার্ড মনোয়ার হোসেন জানান, খাদ্যের সন্ধানে গারো পাহাড় থেকে লোকালয়ে চলে এসেছিল অজগরটি। উদ্ধার অভিযানের পর কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া উচিত। এতে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
Comments