রংপুর-৪: সহিংসতা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি আখতার হোসেনের
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেছেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বললেও অন্যদিকে তাদের গুণ্ডা বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালাচ্ছে।
রোববার দুপুরে রংপুর-৪ আসন-এর হারাগাছ এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতা-কর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, "একদিকে ফ্যামিলি কার্ডের কথা, অন্যদিকে সেই ফ্যামিলিগুলোর ওপর হামলা—এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।" তিনি দাবি করেন, নির্বাচন পরবর্তী যেসব বাড়িঘরে হামলা হয়েছে, সেগুলোর ক্ষতিপূরণ দিতে হবে এবং এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে অবহেলিত হারাগাছবাসীর উন্নয়নে সরকারি বরাদ্দ এনে কাজ করার আশ্বাস দেন তিনি।
Comments