রমজানে বাজার মনিটরিং-এ গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য
রজমান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় পণ্যের সঠিক দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর।
রোববার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় জেলা শহরের বড়বাজারের ফলপট্রি, কাঁচা বাজার, চালের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন তিনি। এসময় সিন্ডিকেট করে পণ্যের দাম বেশি নেয়া হচ্ছে কি না তা জানতে বিভিন্ন দোকান মালিক ও ক্রেতাদের সাথে কথা বলেন এবং রমজানে পণ্যের দাম বেশি নিলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এসময় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, আমরা খুব সতর্ক। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারেনা। আমাদের সরকার যথেষ্ট সচেতন। আমরা যারা লোকাল প্রশাসন আছি তারাও সচেতন আছি।
তিনি আরো বলেন, এই রমজান মাসে গোপালগঞ্জে কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কোন সুবিধা করতে পারবে না। আমরা দ্রব্যমূল্য সাধারন মানুষের নাগালের মধ্যে রাখতে চেষ্টা করবো। সারা দেশে তারেক রহমানের একটি নির্দেশ, দ্রব্যমূল্য যেন সাধারন মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে থাকে। অতিরিক্ত কোন মুনাফা নেয়া যাবে না। সিন্ডিকেট করে কোন ব্যবসা করা যাবে না। তিনি সংশ্লিষ্ট সকলকে নিয়মিত বাজার মনিটরিং করার নির্দেশ দেন।
Comments