চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ: নিহত ২, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি বসতবাড়িতে ককটেল তৈরির প্রস্তুতিকালে হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল-এ ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। আহতরা হলেন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
পুলিশ আরও জানায়, নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Comments