রাঙামাটিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উচ্ছ্বাসিত ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিরাপত্তা নিশ্চিতে জেলায় ৩ হাজার ৪০০ জন সেনাসদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৯৫ জন পুলিশ এবং ২ হাজার ৭৬৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থেকে সার্বিক কার্যক্রম তদারকি করছেন। জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটি ২টি পৌরসভা, ১০টি উপজেলা ও ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
সকাল ১০টায় রাঙামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট দেন বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান। ভোট প্রদান শেষে তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি নিজের বিজয় নিয়ে শতভাগ আশাবাদী বলেও জানান।
এদিকে একই দিনে রাঙামাটি সদর উপজেলার রাঙাপানি এলাকার একটি কেন্দ্রে জীবনের প্রথম ভোট দেন মোহনা চাকমা। দুর্গম পাহাড়ি জনপদ থেকে উঠে আসা মোহনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ভোটদান শেষে আঙুলের কালি দেখিয়ে তিনি বলেন, নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দিত। দীর্ঘ প্রতীক্ষার পর সুষ্ঠু পরিবেশে নিজের ভোট নিজে দিতে পারাটা তার কাছে বড় প্রাপ্তি।
মোহনার মতো অসংখ্য তরুণ ভোটার এবারের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তরুণদের এই অংশগ্রহণ প্রার্থীদের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোহনার প্রত্যাশা, নতুন সরকার পাহাড়ের মানুষের অধিকার রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৈষম্যহীন সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেবে। পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে।
Comments