মালদ্বীপের কারাগারে বাংলাদেশিদের খোঁজ নিল হাইকমিশন, দেশে ফেরার আশা জাগাচ্ছে নতুন চুক্তি
মালদ্বীপের মাফুশি কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সার্বিক অবস্থা পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশন। বন্দিদের মানবিক অধিকার, কল্যাণ এবং আইনগত সহায়তা নিশ্চিতের অংশ হিসেবে সম্প্রতি হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কারাগারটি পরিদর্শন করে।
পরিদর্শনের সময় প্রতিনিধি দল প্রত্যেক বন্দির সঙ্গে পৃথকভাবে কথা বলে তাদের সমস্যা, অভিযোগ ও প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নেয়। বর্তমানে কারাগারটিতে আটক বাংলাদেশিদের মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন। এছাড়া তাদের চিকিৎসাসেবা, খাদ্য, আবাসন, স্বাস্থ্যবিধি ও কারা-পরিবেশও পর্যবেক্ষণ করা হয়। পরে কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বন্দিদের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
পরিদর্শন শেষে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন নিয়মিতভাবে সংশ্লিষ্ট মালদ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে যাচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি স্থানান্তর সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুক্তিটি কার্যকর হলে উভয় দেশের কারাগারে আটক বন্দিরা নিজ নিজ দেশে থেকে সাজা ভোগের সুযোগ পাবেন। এতে বন্দিদের পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়াও আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাইকমিশনার এ উদ্যোগে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা, আইনগত সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিদর্শনকারী প্রতিনিধি দলে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ, কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
Comments