মালদ্বীপে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ‘কাচ্চি ডাইন’
মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট 'কাচ্চি ডাইন'। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী মালেতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির উদ্বোধন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা ছিলেন। দোয়া ও মিলাদের মাধ্যমে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এ উদ্যোগের সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ আবুল কাশেম জানান, প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দেশীয় স্বাদ পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী কাচ্চি, বিরিয়ানি ও অন্যান্য জনপ্রিয় খাবার এখানে মানসম্মত উপকরণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিবেশন করা হবে। একই সঙ্গে মালদ্বীপের স্থানীয় বাসিন্দা ও অন্যান্য প্রবাসীদের কাছেও বাংলাদেশি খাবারের স্বাদ তুলে ধরতে চাই।
রেস্টুরেন্ট সূত্রে জানা যায়, প্রতিদিন দুপুর ও রাতের খাবারের পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে থাকবে কাচ্চি বিরিয়ানি, গরু ও খাসির বিভিন্ন পদ, হালিম, কাবাব এবং দেশীয় ডেজার্ট আইটেম। আধুনিক ও নান্দনিক সাজসজ্জায় তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটির ডাইনিং স্পেস, যাতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করা যায়।
প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ মালদ্বীপে বাংলাদেশি ব্যবসার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিও প্রবাসের মাটিতে আরও সমৃদ্ধ হবে।
Comments