মালয়শিয়ায় অবৈধ বাংলাদেশি ক্লিনিক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জালান তুন তান সিউ সিন এলাকা যেটা মিনিট ঢাকা নামে পরিচিত, আবিষ্কৃত হয়েছে অবৈধ বাংলাদেশি ক্লিনিক।
প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে গড়ে ওঠা ৯টি অবৈধ ক্লিনিকে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে ভুয়া চিকিৎসকসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চালানো এ অভিযানে ১৭ জন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিক গ্রেফতার হন। অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ-এর গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার বিশেষ টাস্কফোর্স। সহযোগিতা দেয় কুয়ালালামপুর স্বাস্থ্য বিভাগের ফার্মাসিউটিক্যাল এনফোর্সমেন্ট শাখা।
তদন্তে জানা যায়, ক্লিনিকগুলো গোপনে পরিচালিত হচ্ছিল। বাইরে থেকে এগুলোকে ফোনের দোকান, খেলনা বা ঘড়ির দোকান, ট্রাভেল এজেন্সি কিংবা রেস্তোরাঁ বলে মনে হতো। দোকানের পেছনের ছোট কক্ষে অবৈধভাবে চিকিৎসা সেবা দেয়া হতো। সেখানে ওষুধও বিক্রি করা হতো।
অভিযানে বিপুল পরিমাণ নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিডিপ্রেসেন্ট। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও গ্যাস্ট্রিকের ওষুধও পাওয়া গেছে।
অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্ডি রামলি জানান, এসব ওষুধ মূলত বাংলাদেশ থেকে আসা নতুন অভিবাসীদের মাধ্যমে অবৈধভাবে পাচার করা হয়েছে। ভুয়া চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে পরামর্শ ফি হিসেবে ৫০-১০০ রিঙ্গিত আদায় করত।
Comments