বাহরাইনে এমআরপি আবেদন বন্ধ, ই-পাসপোর্টে আবেদন করার আহ্বান
বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। দূতাবাসের প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি সিদ্ধান্তের আলোকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যুর আবেদন গ্রহণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসীর বর্তমান পাসপোর্টের মেয়াদ এক বছরের কম রয়েছে এবং পাসপোর্টের তথ্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অথবা যাদের এনআইডি নেই কিন্তু পাসপোর্টের তথ্যের সঙ্গে ইংরেজি জন্ম নিবন্ধন সনদের (Birth Registration Certificate) তথ্যের মিল রয়েছে—তাদের এমআরপির পরিবর্তে ই-পাসপোর্টের জন্য আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, যেসব ক্ষেত্রে পাসপোর্টের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের তথ্যের অমিল রয়েছে, সেসব আবেদনকারীকে আগে সংশ্লিষ্ট কাগজপত্রে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস বিশেষভাবে অনুরোধ করেছে, কেউ যেন নতুন করে এমআরপি পাসপোর্টের আবেদন না করেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ই-পাসপোর্ট ঢাকা থেকে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত প্রেরণ করা হচ্ছে, ফলে আবেদনকারীরা তুলনামূলক স্বল্প সময়েই সেবা পাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের যথাযথ কাগজপত্র প্রস্তুত রেখে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে আহ্বান জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
Comments