নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শমসেরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ।
অভিযানে শমসেরনগর বাজারে আলীবাবা রেস্টুরেন্টে প্রয়োজনীয় রেস্তোরা লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ব্যতীত দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে বিভিন্ন রং ব্যবহার, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের গুরুতর অনিয়মসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অপরদিকে, একই অভিযানে সীমা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআই লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উৎপাদনস্থলে টয়লেট ব্যবহৃত বদনা পাওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোকশেদ উল্লাহ জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
Comments