ময়মনসিংহে একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জন মারা গেছে। একই সঙ্গে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন।
শুক্রবার (৯ অক্টোবর) মমেক হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হারিছা বেগম (৬৫), নান্দাইল উপজেলার মিনহাজ (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মরিয়ম (৪৫)।
হাসপাতাল সূত্র জানায়, হারিছা বেগম ৭ অক্টোবর দিবাগত রাত ২টা ১৫ মিনিটে হাসপাতালে ভর্তি হন। পরদিন ৮ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডায়াবেটিসজনিত কিটোঅ্যাসিডোসিসের সঙ্গে ডেঙ্গুজনিত রক্তক্ষরণজনিত শকের কথা উল্লেখ করা হয়েছে।
নান্দাইলের মিনহাজ হাসপাতালে ভর্তি হন ৭ অক্টোবর বিকেল ৩টা ৫০ মিনিটে। তিনি মারা যান পরদিন ৮ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জটিল ডেঙ্গু, ডেঙ্গুজনিত রক্তক্ষরণ এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুতর জটিলতার কথা।
অন্যদিকে, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মরিয়ম ৭ অক্টোবর দিবাগত রাত ১টা ৩৩ মিনিটে হাসপাতালে ভর্তি হন। তিনি পরদিন ৮ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মারা যান। ডেঙ্গু জ্বরের সঙ্গে মস্তিষ্কে রক্তপ্রবাহে বাঁধাজনিত স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরো ৫৭ জন। এ ছাড়া বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ভর্তি রয়েছেন ১২৭ জন রোগী। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৯ জন।
Comments