ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও দুইজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকালপারসন ডা. মো. সেলিম উদ্দিন ২৪ ঘণ্টার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানান।
মারা যাওয়া দুজন হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ইসহাক মিয়ার স্ত্রী কুলসিমা (৫০) এবং তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কুলসুমা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, আল আমিন ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১০৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫৭ পুরুষ, ৩৬ নারী ও ১০ শিশু।
পুরুষ রোগীদের মধ্যে একজন আইসিইউতে এবং দুজন কেবিনে চিকিৎসাধীন। অন্যরা সাধারণ ওয়ার্ডে রয়েছেন। নারী রোগীদের সবাই সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। শিশুদের মধ্যে চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর বড় একটি অংশ গত জুলাই ও আগস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ২২ জন, ফেব্রুয়ারিতে ১১ জন, মার্চে ১৫ জন, এপ্রিলে ৯ জন, মে মাসে ২০ জন, জুনে ৫৭ জন এবং জুলাইয়ে ৩৬০ জন, আগস্ট ৯৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বরে ১৮ দিনে এ সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ায় ৯২৯ জনে।
Comments