মানিক মিয়া এভিনিউতে আজ সাত ব্যান্ডের সাত ঘণ্টার উন্মুক্ত কনসার্ট
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো সংগীত আয়োজন। 'কনসার্ট ফর সলিডারিটি' শিরোনামের এই অনুষ্ঠানে একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। টানা সাত ঘণ্টার এই সংগীত আয়োজনে মাতবেন সংগীতপ্রেমীরা।
কনসার্টে অংশ নেবে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
আয়োজকদের ভাষ্য, ঐক্য, সম্প্রীতি, সংহতি ও উদারতার চেতনায় একটি বাংলাদেশ গড়ার বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্যান্ডটি জানিয়েছে, ঐক্য, সম্প্রীতি ও অদম্য চেতনার বাংলাদেশ উদ্যাপনে তারা দর্শক-শ্রোতাদের সঙ্গে মিলিত হবে।
ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম জানিয়েছেন, কনসার্টে প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট সংগীত পরিবেশন করবে ব্যান্ডটি। এ সময় 'হারিয়ে তোমাকে', 'বসে আছি' ও 'পূর্ণতা'র মতো জনপ্রিয় গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে।
এদিকে কনসার্টে অংশ নেওয়ার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নগরবাউল জেমসও। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর মানিক মিয়া এভিনিউতে সবার সঙ্গে দেখা হবে।
আয়োজকদের দেওয়া সূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টা থেকে দর্শকদের জন্য কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। এর আগে বিকেল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। সভায় সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
আয়োজকদের প্রত্যাশা, সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনায় এই কনসার্ট শুধু সংগীতের উৎসবেই সীমাবদ্ধ থাকবে না; বরং মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সংহতির বার্তা ছড়িয়ে দেবে। উন্মুক্ত এই আয়োজনে সংগীতপ্রেমীদের ব্যাপক উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা।
Comments