সালমান শাহ: ৫৫তম জন্মদিনে চিরতরুণ এক নায়কের স্মৃতি
নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি জায়গা করে নিয়েছিলেন লাখো দর্শকের হৃদয়ে। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত তারকা। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন এই 'স্বপ্নের নায়ক'।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে তিনি পরিচিত হন সালমান শাহ নামে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী সালমান শাহ টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন।
১৯৮৫ সালে বিটিভির 'আকাশ ছোঁয়া' নাটকে অভিনয়ের মাধ্যমে তার টেলিভিশন যাত্রা শুরু হয়। এরপর 'দেয়াল', 'সব পাখি ঘরে ফেরে', 'সৈকতে সারস', 'নয়ন' ও 'স্বপ্নের পৃথিবী'সহ বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি।
১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। অভিনয়, চেহারা, পোশাক, চুলের স্টাইল ও ব্যক্তিত্ব সব মিলিয়ে খুব অল্প সময়েই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
রুপালি পর্দায় সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি ছিল বিশেষভাবে জনপ্রিয়। সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর। তাদের জুটি নব্বইয়ের দশকের দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়।
সালমান শাহ শুধু অভিনয়েই জনপ্রিয় ছিলেন না। তার পোশাক ও ফ্যাশন, চুলের স্টাইল এবং পর্দায় উপস্থাপনের ধরনও সে সময়ের তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। ফলে তিনি ধীরে ধীরে শুধু একজন চলচ্চিত্র অভিনেতা নয়, একটি প্রজন্মের আবেগের অংশ হয়ে ওঠেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। তার মৃত্যু নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন থাকলেও ভক্তদের কাছে তিনি আজও অমলিন। মৃত্যুর পরও তার অভিনীত সিনেমা, গান ও বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনায় আসে।
সালমান শাহর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'অন্তরে অন্তরে', 'সুজন সখী', 'স্বপ্নের নায়ক', 'স্বপ্নের ঠিকানা', 'চাওয়া থেকে পাওয়া', 'জীবন সংসার', 'প্রেম প্রিয়াসী', 'সত্যের মৃত্যু নেই', 'মায়ের অধিকার', 'এই ঘর এই সংসার', 'তোমাকে চাই', 'আনন্দ অশ্রু' ও 'বুকের ভেতর আগুন'।
সময় বদলেছে, চলচ্চিত্রে এসেছে নতুন প্রজন্মের অনেক নায়ক। কিন্তু সালমান শাহর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং নতুন প্রজন্মের কাছেও তার সিনেমা ও অভিনয় এখনও আগ্রহের বিষয়।
মাত্র ২৫ বছর বয়সে থেমে যায় সালমান শাহর জীবন। কিন্তু তার শিল্পীজীবনের প্রভাব থেমে থাকেনি। বেঁচে থাকলে আজ তিনি ৫৫ বছরের অভিজ্ঞ অভিনেতা হতেন, হয়তো উপহার দিতেন আরও অসংখ্য চরিত্র ও সিনেমা। সেই সম্ভাবনা বাস্তব হয়নি। তবে দর্শকের হৃদয়ে তিনি আজও সেই চিরতরুণ 'স্বপ্নের নায়ক'।
Comments