ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান
'ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে' বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের প্রকৃত পথে চলার আহ্বান জানিয়ে বলেন, শুধু বাহ্যিক পোশাকে কেউ প্রকৃত জ্ঞানী বা আলেম হতে পারে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, 'পোশাক এবং ভাষাই শুধু মানুষের প্রকৃতি নির্ধারণ করে না। পাঞ্জাবি, পায়জামা আর টুপি পরলেই কেউ আলেম হয় না, আলেম হতে গেলে এলেম জানতে হয়।' তিনি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত পরিবেশ থেকে দূরে থেকে প্রকৃত জ্ঞানার্জনে মনোযোগ দেওয়ার তাগিদ দেন।
সমাজে ধর্মের অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'আমাদের দেশে বেহেশত-দোজখের টিকিট বিক্রি করা হয়। আর কেউ কিনতে না চাইলে তাকে খারাপ বানিয়ে দেওয়া হয়। আমি পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতি, ধর্ম এবং ধর্মব্যবসা এক নয়।' তিনি ধর্ম ব্যবসা পরিহার করে সত্য, ন্যায় এবং আল্লাহ-রাসুলের দেখানো পথে চলার আহ্বান জানান।
সাম্প্রদায়িকতাকে ভারতবর্ষের সবচেয়ে সর্বনাশা আদর্শ উল্লেখ করে তিনি বলেন, যতদিন পর্যন্ত এই আদর্শকে পরাজিত করা না যাবে, ততদিন মনুষ্যত্ব আসবে না। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের ওপর জোর দিয়ে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনাই হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যেখানে আমরা সাম্প্রদায়িক জাতীয়তাবাদকে পরাজিত করে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছি।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম বেগম, কিশোরগঞ্জ জেলা পাবলিক কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মামুন সরকার।
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমার সভাপতিত্বে এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
Comments