৩১ ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে: পর্যটন মন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, 'শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে থাকবে হাতকড়া।'
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার গুঞ্জনের বিষয়ে মন্ত্রী বলেন, 'এসব কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে এবং আত্মগোপনে থাকা ফ্যাসিস্টদের উৎসাহিত করা হচ্ছে। আমরা তো বলি, আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আপনাকে হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর চালানো মানবতাবিরোধী ও অমানবিক আচরণের বিচার এই মাটিতেই করা হবে।'
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরানোর জন্য লুটপাট করে দেশের সবকিছু নিয়ে গেছে। এখন সেই লুটপাটের টাকা খেতে পারছে না। বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।'
শেখ হাসিনাসহ দেশ ছেড়ে পালিয়ে থাকা অন্যদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য পার্শ্ববর্তী দেশের প্রতি আহ্বান জানান তিনি। জনগণের মৌলিক অধিকার ও লুট হওয়া অর্থ উদ্ধারে সুষ্ঠু বিচার নিশ্চিত করার কথাও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম
এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
Comments