দুই হত্যা মামলায় আগাম জামিন পেলেন না চিত্রনায়ক রিয়াজ
জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টে উপস্থিত হয়ে পৃথক দুই মামলায় আগাম জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করে দেন।
রিয়াজের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন। পরে তিনিই বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২ মে একটি মামলা করা হয় রিয়াজের বিরুদ্ধে।
ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। মামলার আসামির তালিকায় শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট ২০১ জনের নাম রয়েছে।
রিয়াজ ছাড়াও মামলায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, আশনা হাবীব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী ও জায়েদ খানসহ ১৪ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে।
এ মামলায় ১৫ সাংবাদিক ও ১৩ শিক্ষকের নামও রয়েছে। সাংবাদিকদের মধ্যে সন্তোষ শর্মা ও মুন্নী সাহার নাম রয়েছে। আর শিক্ষকদের তালিকায় রয়েছেন জাফর ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মিজানুর রহমান ও মুনতাসির মামুন। এ ছাড়া ইমরান এইচ সরকার ও লাকী আক্তারকেও আসামি করা হয়েছে।
এর বাইরে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আরেকটি হত্যা মামলাতেও রিয়াজকে আসামি করা হয়েছে।
এই দুই মামলায় গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়ক রিয়াজ। তবে শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন।
Comments