নেপালে আটকা তাসরিফ খান, জানালেন পরিস্থিতি
অবসর কাটাতে নেপালে গিয়ে বন্যা ও পাহাড়ধসের কারণে আটকা পড়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। গত ২০ আগস্ট দেশটিতে যাওয়ার পর বর্তমানে সঙ্গীদের নিয়ে পর্যটন এলাকা ঘান্দ্রুকে অবস্থান করছেন তিনি।
মোদি খোলার বন্যা ও পাহাড়ধসে বিরেঠাঁটি-ঘান্দ্রুক সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে তাসরিফ ও তাঁর সঙ্গীদের দেশে ফেরার পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।
তাসরিফ জানান, তাঁরা বর্তমানে নিরাপদেই আছেন এবং বড় ধরনের কোনো প্রাণহানি বা ধ্বংসযজ্ঞ তাঁদের আশপাশে দেখেননি। তবে সড়কের একাধিক অংশ ধসে পড়া, সেতু ক্ষতিগ্রস্ত হওয়া এবং প্রশাসনের চলাচলে নিষেধাজ্ঞার কারণে বের হওয়ার সুযোগ নেই।
তাঁদের বুধবার ঘান্দ্রুক থেকে ফেরার কথা ছিল। কিন্তু আগেই রওনা হতে না পারায় গাইড তাদের ঝুঁকির বিষয়টি জানান। পরে জানা যায়, যে সড়ক দিয়ে তাঁদের ফেরার কথা ছিল, সেটির বেশ কিছু অংশ ধসে গেছে। তাসরিফের ধারণা, নির্ধারিত সময়ে বের হলে তাঁদেরও বিপদের মুখে পড়তে হতে পারত।
বর্তমানে তাঁদের গাইড বিকল্প পথে ফেরার সুযোগ এবং স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে খোঁজখবর করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও কয়েক দিন ঘান্দ্রুকে অবস্থান করতে হতে পারে বলে জানিয়েছেন তাসরিফ।
দেশে ফেরার পাশাপাশি অর্থ ও যোগাযোগ নিয়েও সমস্যায় পড়েছেন তাঁরা। তাসরিফের কাছে সীমিত পরিমাণ নেপালি রুপি ও প্রায় ১০০ ডলার রয়েছে। কার্ডে অর্থ থাকলেও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কার্ড বা ডিজিটাল লেনদেনের সুযোগ সীমিত হওয়ায় নগদ অর্থ দ্রুত শেষ হয়ে আসছে। নতুন করে দেশে ফেরার টিকিট পাওয়াও কঠিন হয়ে পড়েছে।
স্বাভাবিক সড়কপথ ব্যবহার করা সম্ভব না হলে বিকল্প হিসেবে দীর্ঘ সময় পাহাড়ি পথে হাঁটতে হতে পারে। তবে বন্যা ও ভূমিধসের ঝুঁকির মধ্যে এমন পথে যাত্রা করাকে নিরাপদ মনে করছেন না তাসরিফ।
কাজের ব্যস্ততা থেকে কয়েক দিনের বিরতি নিতেই নেপাল ভ্রমণের পরিকল্পনা করেছিলেন এই শিল্পী। সম্প্রতি তাঁর রোমান্টিক গান 'বৃষ্টি' প্রকাশ হয়েছে। দেশে ফিরে নতুন রক গান 'জীবনের চাকা'র মিউজিক ভিডিও ধারণের পরিকল্পনাও ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সব পরিকল্পনা বাদ দিয়ে নিরাপদে দেশে ফেরাকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
তাসরিফ জানিয়েছেন, তিনি ও তাঁর সঙ্গীরা সুস্থ আছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি হয়ে যেন নিরাপদে দেশে ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী।
Comments