আবারও পর্দায় ফিরছেন ওসি হারুন, আশফাক নিপুণের ইঙ্গিত
দীর্ঘ অপেক্ষার পর জনপ্রিয় ওয়েব সিরিজ 'মহানগর'-এর তৃতীয় সিজন নিয়ে মিলেছে নতুন আশার খবর। নির্মাতা আশফাক নিপুণের জন্মদিনের একটি ভিডিওতে সিরিজটির নতুন কিস্তির কাজ এগিয়ে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। ভিডিওতে দর্শকদের শুভেচ্ছা জানানোর আহ্বান জানানোর পাশাপাশি তিনি বলেন, 'এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।'
কোন স্ক্রিপ্ট নিয়ে তিনি ব্যস্ত, সেটিও ভিডিওতে আভাস দেন নির্মাতা। নিজের কণ্ঠে 'মহানগর'-এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান তিনি। এরপরই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়, তাহলে কি এগিয়ে চলছে 'মহানগর ৩'-এর কাজ?
তবে নতুন সিজনের শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
২০২১ সালে মুক্তির পর 'মহানগর' দেশের ওয়েব কনটেন্টে নতুন ধরনের দর্শক আগ্রহ তৈরি করে। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় সিজন। গল্প, নির্মাণ ও অভিনয়ের প্রশংসায় বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় কিস্তির সম্ভাবনার ইঙ্গিত ছিল। এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও 'মহানগর ৩' নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা আশফাক নিপুণের পোস্ট দেখলেই ভক্তরা তৃতীয় সিজন নিয়ে জানতে চাইতেন।
এর আগে সিরিজটির কাজ শুরুর খবর এলেও পরে বাজেট জটিলতার কারণে সেটি এগোয়নি বলে জানা যায়। তবে এবার পরিস্থিতি বদলানোর ইঙ্গিত দিয়েছেন নির্মাতা নিজেই।
'মহানগর'-এর প্রথম দুই সিজনে ওসি হারুন চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তার ফেরার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন কিস্তিতে পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে।
Comments