চুক্তিভিত্তিক বিয়ে নিয়ে এবার যা জানালেন প্রভা
সাদিয়া জাহান প্রভা, বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তাকে নিয়ে প্রায় সময়েই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোনার ঝড় উঠে। এবারও এর ব্যতিক্রম কিছু না, সম্প্রতি হঠাৎ করেই অভিনেত্রীর 'চুক্তিভিত্তিক বিয়ে' বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, গোপনে তিনি 'চুক্তিভিত্তিক বিয়ে' করেছেন। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রভা। তিনি জানিয়েছেন, এসব তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তৃতীয় বিয়ের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী লিখেছেন, 'আমি বিয়ে করিনি এবং আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হননি। যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।'
সাংবাদিকদের উদ্দেশে প্রভা বলেন, 'একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে 'ভয়ংকর মানুষ' হিসেবে, আবার কাউকে 'চমৎকার মানুষ' হিসেবেও তুলে ধরা সম্ভব। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি বলে মনে করেন তিনি।'
ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপনের আহ্বান জানান প্রভা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার অনুরোধও করেন তিনি।
নিজের ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন তারা বিভ্রান্ত না হন। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য যে কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য তিনি তার ফেসবুকের মাধ্যমেই জানাবেন বলে উল্লেখ করেন।
শেষে ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ভালো ও সুস্থ থাকার আহ্বান জানান সাদিয়া জাহান প্রভা।
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করছেন এই অভিনেত্রী। সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন প্রভা। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে। শিগগিরই আবারও শুটিংয়ে দেখা যেতে পারে তাকে।
Comments