এফডিসিতে চলছে শিল্পী সমিতির ভোটযুদ্ধ
এফডিসি প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে।
চলচ্চিত্র পাড়ায় বিগত এক মাস ধরে চলা প্রার্থীদের ব্যস্ততা, সমর্থকদের স্লোগান আর নানামুখী প্রচারণার পর আজ ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নিজেদের যোগ্য নেতা বেছে নেবেন রুপালি পর্দার ৫৭৩ জন ভোটার।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি শক্তিশালী প্যানেলের মধ্যে। কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির জন্য সরাসরি মুখোমুখি লড়াই করছেন দুই দলের প্রার্থীরা।
১. আরমান-মুক্তি পরিষদ: এই প্যানেলের নেতৃত্বে আছেন সভাপতি পদপ্রার্থী আরমান এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
সহ-সভাপতি পদে চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াছ কোবরা; সহ-সাধারণ সম্পাদক রিনা খান; সাংগঠনিক সম্পাদক চুন্নু; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর; দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া; সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা কামরুজ্জামান কমল।
কার্যনির্বাহী সদস্য পদে মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২. শিবা শানু-জয় চৌধুরী পরিষদ:
এই প্যানেলে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী। সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা; সহ-সাধারণ সম্পাদক সুব্রত; সাংগঠনিক সম্পাদক সনি রহমান; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পলি; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুশফিকুর রহমান কাকন; দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ।
কার্যনির্বাহী সদস্য পদে আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তাঁর সাথে সহযোগী হিসেবে যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন পরবর্তী যেকোনো আইনি বা সাংগঠনিক জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্ব সামলাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
বিগত বছরগুলোর অনাকাঙ্ক্ষিত কাদা ছোড়াছুড়ি ও অপ্রীতিকর পরিস্থিতির অভিজ্ঞতা মাথায় রেখে এবার এফডিসি প্রাঙ্গণে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পাশাপাশি এফডিসিজুড়ে তৎপর রয়েছেন র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাদা পোশাকের সদস্যরা। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, দিনশেষে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
Comments